মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ
পাকিস্তানে সামরিক সরকারের অনুগত নাগরিকের সংখ্যা কমছে
Printed Edition
পাকিস্তানের সামরিক ও নিরাপত্তা প্রশাসন দীর্ঘদিন যাবৎ সমগ্র জনগোষ্ঠীকে ‘বাধ্যগত’ ও ‘ঝুঁঁকিপূর্ণ’-এই দুইভাগে বিভক্ত করে নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন মিডল ইস্ট মনিটরের প্রখ্যাত বিশ্লেষক জুনাইদ এস আহমদ। তার পর্যালোচনাধর্মী নিবন্ধে উঠে এসেছে, দেশটির ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষের প্রতি অনুগত বা ‘সুনাগরিকের’ সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে এবং রাষ্ট্র বস্তুত পুরো সাধারণ জনগণকেই নিজের প্রতিপক্ষে পরিণত করেছে।
এতে বলা হয়, রাওয়ালপিন্ডি থেকে শুরু করে মুজাফফরাবাদসহ পাকিস্তান-শাসিত কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, ক্রমবর্ধমান বেকারত্ব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম এবং নির্বাচনে জালিয়াতির প্রতিবাদে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ গণ-আন্দোলনে রূপ নিয়েছে। এই প্রবল অস্থিতিশীলতা দমনে জয়েন্ট অ্যাওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ ঘোষণা, ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন এবং সেনাবাহিনী নামিয়ে নির্বাচন সম্পাদন করার মতো চরম পন্থার আশ্রয় নিয়েছে স্থানীয় প্রশাসন।