কোলনকে হারিয়ে রেকর্ড বায়ার্নের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

কোলনকে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থানীয় আরো মজবুত করল বায়ার্ন মিউনিখ। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলে হারিয়ে লিগের ইতিহাসে মৌসুমের সেরা প্রথমার্ধের রেকর্ড তৈরি করেছে বাভারিয়নরা। প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে থেকেও শেষ সাত ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। আর ১৭ ম্যাচ প্রতিপক্ষের জালে ৫৩বার বল পাঠিয়ে পয়েন্টের ব্যবধান ৪৭-এ উন্নীত করেছে বায়ার্ন। ১৭ ম্যাচের পর আগের সেরা রেকর্ডটি ছিল ২০১৩-১৪ মৌসুমে পেপ গার্দিওলার কোচিংয়ে বায়ার্নের। সেবার ৪৭ পয়েন্ট হলেও গোলের ব্যবধান ছিল ৩৫টি। এবার সেই রেকর্ডকে ভেঙে নতুন করে লিখল লিগ চ্যাম্পিয়নরা।

এ দিকে ইতালিয়ান সিরি ‘আ’ লিগে আরো এগিয়ে গেল ইন্টার মিলান। সান সিরোতে গত পরশু লেসেকে ১-০তে হারিয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের দলটি। এই জয়ে ২০ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইন্টার। দিনের অন্য ম্যাচে আবার পয়েন্ট হারিয়েছে নাপোলি। নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের নিচের সারির দল পার্মার সাথে ড্র করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এই ড্র’র পরও ২০ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়েই তিনেই অবস্থান করছে নাপোলি।