জনপ্রিয়তায় ধস
ট্রাম্পের সমর্থন নেমেছে ৩৪ শতাংশে
Printed Edition
রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সাথে যুদ্ধ নিয়ে তার দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন নাগরিকদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের চিত্র ফুটে উঠেছে রয়টার্স/ইপসোসের নতুন এক জনমত জরিপে।
গত সোমবার শেষ হওয়া চার দিনব্যাপী এই জরিপে দেখা যায়, বর্তমানে মাত্র ৩৪ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে সমর্থন করছেন। এর আগে ১৫ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরিচালিত জরিপে এই সমর্থনের হার ছিল ৩৬ শতাংশ। জরিপের বেশিরভাগ উত্তর নেয়া হয়েছিল গত শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রেসিডেন্টকে লক্ষ্য করে বন্দুকধারীর গুলি ছোড়ার ঘটনার আগে। ওই ঘটনায় ফেডারেল কৌঁসুলিরা অভিযুক্তের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন। এই ঘটনা জনমতে নতুন কোনো প্রভাব ফেলবে কি না তা এখনো স্পষ্ট নয়।
২০২৫ সালের জানুয়ারিতে ৪৭ শতাংশ জনসমর্থন নিয়ে দায়িত্ব নিলেও পরবর্তীতে ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমান্বয়ে কমেছে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরুর পর জ্বালানির দাম বেড়ে যাওয়া তার জনপ্রিয়তায় বড় ধাক্কা দেয়।