সিলেটে ভোট পড়েছে ৪৮.৫৯ শতাংশ বিএনপি ৫৬, জামায়াত ৩৬
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কিছু আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে
Printed Edition
এম জে এইচ জামিল সিলেট ব্যুরো
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনে মোট ভোট পড়েছে ১৩ লাখ ৪৫ হাজার ৮৪১টি। এরমধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীরা পেয়েছেন সাত লাখ ৭৭ হাজার ৩৭৯ ভোট, যা মোট ভোটের ৫৬.০৯ শতাংশ। অন্য দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা পেয়েছেন পাঁচ লাখ এক হাজার ৬০৭ ভোট, যা মোট ভোটের ৩৬ শতাংশ। অন্য প্রার্থীরা মিলিয়ে পেয়েছেন মাত্র ৭.৭১ শতাংশ ভোট।
সিলেটের ছয়টি আসনে গড়ে ভোট পড়েছে ৪৮.৫৯ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে ৫২.৭৫ শতাংশ এবং সর্বনিম্ন ভোট পড়েছে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ৪৪.৫৯ শতাংশ। এ ছাড়া সিলেট-১ আসনে ভোটের হার ৪৭.৮১, সিলেট-৩ আসনে ৪৯.২০, সিলেট-৫ আসনে ৪৯.৩৩ এবং সিলেট-৬ আসনে ৪৭.৮৭ শতাংশ।
সিলেট-১ (মহানগর-সদর) আসন : মোট বৈধ ভোট তিন লাখ ১৮ হাজার ১৬টি। ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট (৫৫.৬৪%), আর জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট (৪২.৪৫%)। অন্য সব প্রার্থী মিলিয়ে মাত্র ১.৫৯ শতাংশ ভোট পেয়েছেন।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন : আসনটিতে ভোট পড়েছে এক লাখ ৬০ হাজার ৫৬টি। ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৮৫৬ ভোট (৭৩.৭০%), আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মুনতাসির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট (২৪.১৪%)। অন্য্য প্রার্থীরা মিলিয়ে ১২.১৬ শতাংশ ভোট পেয়েছেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসন : এখানে ভোট পড়েছে এক লাখ ৯৯ হাজার ৬৪১টি। ধানের শীষ প্রতীকে বিএনপির এম এ মালিক পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৯৫০ ভোট (৫৭.৮৩%), আর জামায়াত নেতৃত্বাধীন প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু রিকশা পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট (৩৭.৯১%)। অন্য প্রার্থীরা মিলিয়ে মাত্র ৪.২৬ শতাংশ ভোট পেয়েছেন।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন : ভোট পড়েছে দুই লাখ ৬৩ হাজার ৪৮৮টি। ধানের শীষ প্রতীকে বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট (৭০.৯১%), জামায়াতের জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট (২৭.৯%), এবং অন্য প্রার্থীরা ১.৭৯ শতাংশ ভোট পেয়েছেন।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন : ভোট কাস্ট হয়েছে দুই লাখ ৬ হাজার ৭৫২টি। ধানের শীষ প্রতীকে বিএনপির মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট (৩৩.৭৫%), জামায়াতের মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট (৩৮.৩৮%) এবং স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুন পেয়েছেন ২৭.৬৯ শতাংশ। অন্য প্রার্থীরা মাত্র ০.১৮ শতাংশ ভোট পেয়েছেন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন : ভোট পড়েছে দুই লাখ ৩৭ হাজার ৮৮৮টি। ধানের শীষ প্রতীকে বিএনপির অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পেয়েছেন এক লাখ ৯ হাজার ৯১৭ ভোট (৪৬.২১%), আর জামায়াতের মো: সেলিম উদ্দিন পেয়েছেন এক লাখ এক হাজার ৪৬৯ ভোট (৪২.৪৬%)। অন্য প্রার্থীরা ১১.৩৩ শতাংশ ভোট পেয়েছেন।
সিলেটের ভোটের ফলাফলে স্পষ্ট হয়েছে, বিএনপি জোটের প্রার্থীরা সিলেটের বেশির ভাগ আসনে নেতৃত্ব বজায় রেখেছে, বিশেষ করে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা গুরুত্বপূর্ণ আসনে জয়ের ধারা বজায় রেখেছে। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কিছু আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে। সিলেটের ভোটের হার ৪৮.৫৯ শতাংশ, যা জাতীয় নির্বাচনে সক্রিয় ভোট অংশগ্রহণের সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।