দেশনেত্রী যে দায়িত্ব দিয়ে গেছেন তা পালন করবো: রুমিন ফারহানা
Printed Edition
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেছেন দল থেকে বহিষ্কৃত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করার আগে তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
এ সময় রুমিন ফারহানা বলেন, আমার নেত্রীর জানাজা ও দাফনও সম্পন্ন হয়নি, এর মধ্যেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেয়া হয়। আমার সাথে যদি কোনো বে-ইনসাফি বা অন্যায় হয়ে থাকে, তার বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।
তিনি আরো বলেন, একজন প্রেসিডেন্টের যেমন একটি ভোট তেমন একজন সাধারণ মানুষেরও একটি ভোট। ভোটের মাধ্যমেই এলাকার মানুষ সব অন্যায়ের জবাব দেবে। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করবো।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি হাঁস প্রতীক প্রত্যাশা করছেন বলে জানা গেছে।