ধানমন্ডির ভবনে ছিল না ফায়ার লাইসেন্স
ধানমন্ডি ও মহাখালীতে পৃথক অগ্নিকাণ্ড
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে একই দিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে ধানমন্ডি ২৭ নম্বর রোডে পাদুকা ব্র্যান্ড ‘এপেক্স’-এর বিক্রয়কেন্দ্র ও গুদামে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে একটি ভবনের ছাদে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় উভয় স্থানের আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ফায়ার সার্ভিস জানিয়েছে, ধানমন্ডির ভবনটিতে ফায়ার সেফটির কোনো অনুমোদন বা ফায়ার লাইসেন্স ছিল না।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরের পাঁচতলা ভবনটির চারতলায় অবস্থিত এপেক্সের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এক পাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে, বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি ভবনের ছাদে জমা রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ২৮ মিনিটের চেষ্টায় বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, ধানমন্ডির ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান না থাকায় আবেদনের পরও তাদের লাইসেন্স দেয়া হয়নি। ভবনটির সামনে বড় বিলবোর্ড দিয়ে ঢাকা থাকায় ভেতরের ধোঁয়া সহজে বের হতে পারেনি। এছাড়া প্রাথমিক তদন্তে উভয় স্থানেই বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেল (ডিপি বক্স) ও অব্যবস্থাপনা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ভবনের নকশা ও সেফটি প্ল্যান তদারকিতে রাজউকের শিথিলতার সমালোচনা করে ফায়ার সার্ভিস প্রধান বলেন, নিয়মিত তদারকি ও পুরনো ভবনগুলোর অগ্নিঝুঁকি যাচাই না করায় মালিকদের মধ্যে এমন অবহেলা থেকে যাচ্ছে।