সংসদ সদস্যদের ফোন হ্যাক ও ‘ভয়েস কোন’ নিয়ে চিফ হুইপের সতর্কতা
Printed Edition
সংসদ প্রতিবেদক
সংসদ সদস্যদের (এমপি) মোবাইল ফোন হ্যাক, কণ্ঠস্বর নকল বা ‘ভয়েস কোন’ করে টাকা দাবি এবং স্বার জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। একই সাথে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় সংসদ সদস্যদের ফেস রিডিং ডিভাইসে মুখমণ্ডল শনাক্ত নিশ্চিত করার অনুরোধ জানান তিনি। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে চিফ হুইপ এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, লবিগুলোতে নিরাপত্তার স্বার্থে ফেস রিডিং ডিভাইস রাখা হয়েছে। সংসদ সদস্যরা যাতে নিয়মতান্ত্রিকভাবে ফেস রিডিং করে অধিবেশনে প্রবেশ করেন, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
মোবাইল হ্যাকিংয়ের শিকার হওয়ার তথ্য তুলে ধরে চিফ হুইপ জানান, কয়েকজন সংসদ সদস্যের মোবাইল নম্বর থেকে স্বজন ও পরিচিতদের কাছে জরুরি ভিত্তিতে ৫০০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাঠানোর বার্তা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এমপিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি, যা থেকে মোবাইল ফোন হ্যাক হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পাশাপাশি এ ধরনের প্রযুক্তিভিত্তিক সাইবার অপরাধ সারা দেশের মানুষকে জানিয়ে সচেতন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠস্বর কোন এবং স্বার জালিয়াতি করে প্রতারণা চালাচ্ছে। সরকারি ও বিরোধীÑ উভয় দলের সদস্যরাই এর শিকার হচ্ছেন।
বিষয়টি উত্থাপনের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রীয় কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে কথা বলা হয়েছে এবং তারা প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে।