উলিপুরে একসাথে ৩ সন্তানের জন্ম, কম ওজনে চিকিৎসা নিয়ে শঙ্কা

Printed Edition

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধূ একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন। গত রোববার দুপুরে উপজেলার একটি বেসরকারি মাতৃসেবা কেন্দ্রে এ ঘটনা ঘটে। মা নুরনেছা সুস্থ থাকলেও নবজাতকদের কম ওজন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পরিবার ও ক্লিনিক সূত্রে জানা যায়, চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়া গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেনের স্ত্রী নুরনেছার প্রসব ব্যথা শুরু হলে তাকে উলিপুরের আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারে নেয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবে একসাথে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি।

ক্লিনিক সূত্র জানায়, এর আগে নুরনেছার একটি সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয়েছিল। সেই প্রেক্ষাপটে পরবর্তী সময়ে স্বাভাবিক প্রসবে একসাথে তিন সন্তানের জন্ম দেয়া জটিল ও ঝুঁকিপূর্ণ হলেও অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে তা সফলভাবে সম্পন্ন হয়েছে।

দায়িত্বরত চিকিৎসক ডা: শারমিন বেগম বলেন, নবজাতকদের কম ওজনের কারণে তাদের বিশেষায়িত সেবার আওতায় রাখা হয়েছে।