তবুও চলছে ইরানের প্রস্তুতি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেশ। দেশের ক্রীড়া কাঠামো ধ্বংস হয়েছে। নিহত হয়েছেন অনেক নামী ক্রিড়াবিদ ও সাধারণ মানুষ। ইরান আদৌ বিশ্বকাপ খেলতে পারবে কি তা তার নিশ্চয়তা নেই। কানাডায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবলের কংগেসে অংশ নিতে দেয়া হয়নি ইরানি ফুটবল কর্তাদের। আইআরজিসি সংশ্লিষ্টতার অভিযোগে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি দলের নিরাপত্তা নিয়ে একধরনের প্রচ্ছন্ন হুমকির কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের আবেদন করা হলেও তা-ও আমলে নেয়া হয়নি। এত কিছুর পরও দমে যায়নি ইরান। শত প্রতিকূলতার মধ্যেও বিশ্বকাপ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের লড়াকু ফুটবলাররা। খেলতে হবে মার্কিন মুল্লুকে। নেই নিরাপত্তার নিশ্চয়তা। তবুও থেমে নেই ইরানি ফুটবলারদের প্রস্তুতি।

দুই মাসব্যাপী যুদ্ধে ইরানিরা যেমনি চোখে চোখ রেখে লড়াই করেছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের এবং ইসরাইলের ঠিক তেমন ভাবেই বিশ্বকাপে নিজেদের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুনি নিচ্ছে তেলপ্রধান দেশটির ফুটবলাররা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দলটির প্রস্তুতির অগ্রগতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত ইরানের জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ উপলক্ষে নতুন জার্সি উন্মোচনের আভাসও দিয়েছে ইরান, যা সমর্থকদের মধ্যে আগ্রহ আরো বাড়িয়েছে। পরশু দলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়রা নতুন হোম কিট পরে ফটোশুটে অংশ নিচ্ছেন। এই ছবিতে প্রথম সারির গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ এবং উইঙ্গার মিলাদ মোহাম্মাদিসহ বেশ কয়েকজনকে দেখা গেছে। একই সাথে অনুশীলন সেশনের কিছু ছবিও প্রকাশ করা হয়েছে।