ইংল্যান্ডের নতুন কোচ ফেমিং

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড সাবেক অধিনায়ক স্টিফেন ফেমিংকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। টেস্টের অধিনায়কের দায়িত্বে আবার ফিরছেন জো রুট। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এর আগে কখনো কাজ করেননি ৫৩ বছর বয়সী সাবেক কিউই অধিনায়ক। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৭ বছর। এ সময়কালে দলটিকে রেকর্ড পাঁচবার আইপিএলের শিরোপা জিতিয়েছেন ফেমিং।

ফেমিংয়েরই সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালামকে চলতি মাসের শুরুতে দলের ধারাবাহিক বাজে ফলাফল এবং মাঠের বাইরের একাধিক ঘটনার জেরে বরখাস্ত করে ইংল্যান্ড। তবে ইংলিশদের সাদা বলের (সীমিত ওভারের) দলগুলোর দায়িত্বে বহাল আছেন ম্যাককালাম।

কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ফেমিং বলেন, ‘টেস্ট কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং পদ এবং এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’ তবে আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপে টেস্ট সিরিজে ফেমিং দায়িত্বে থাকছেন না। এই সময় ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। ফেমিং এই গ্রীষ্মের শেষ দিকে যুক্তরাজ্যে আসার আগে নিউজিল্যান্ডে পরিবারের সাথে সময় কাটাবেন।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম দফায় টেস্ট অধিনায়কত্ব করেছিলেন রুট। তার নেতৃত্বে ইংল্যান্ড ৬৫ ম্যাচে রেকর্ড ২৭টি টেস্ট জয় পেয়েছিল।

রুট বলেন, ‘ফেমিংয়ের সাথে অধিনায়কত্বের দায়িত্ব নেয়াটা ‘বিশাল প্রেরণার’ বিষয়। দীর্ঘ সময় ধরে ফেমিং প্রমাণ করেছেন, তিনি খেলাটি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। নেতা হিসেবে তিনি অসাধারণ। তার সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি।’