সারা দেশে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে শান্তিপুর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। তবে এ নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সব কেন্দ্রেই নারী ভোটাররা দীর্ঘ লাইনে অপেক্ষা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, পর্যটন অধ্যুষিত চায়ের অঞ্চল মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের চা বাগানসহ পুরো উপজেলায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বেশির ভাগ ভোট কেন্দ্রেই ভোটারের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের পাশাপাশি কেন্দ্রের বাইরে উৎসুক জনতার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের পাকুন্দিয়া উপজেলায় নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মত দেখা গেছে। সব কেন্দ্রেই নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে লক্ষ্য করা গেছে।

উপজেলার ৭৯টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে একযোগে বিরতিহীনভাবে ভোট দিয়েছেন ভোটারেরা। কোনো কেন্দ্রেই অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

সরেজমিন উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ও মহিলা ভোটারেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে নারীদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জেসমিন আক্তার নামে এক তরুণ নারী ভোটার জানিয়েছেন, সকাল ৮টার দিকে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষার পর কাক্সিক্ষত ভোট দিতে পেরেছেন, তবে তার এ দীর্ঘ অপেক্ষার মধ্যেও কোনো ক্লান্তি নেই। জানতে চাইলে তিনি জানান, জীবনে প্রথম ভোট দিতে পারাটা অনেক আনন্দের।

মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচরের বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণে ধীরগতি থাকায় বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে নারী ভোটারদের। এ ছাড়াও, ভোট কেন্দ্রে বয়স্ক নারী ভোটারদের উপস্থিত হতেও দেখা গেছে। সরেজমিন মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার মাদবরেরচর, পাঁচ্চর, দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। এ ছাড়া নতুন ভোটারদের উপস্থিতিও ছিল ভালো।

ভোট দিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে পাঁচ্চর উচ্চবিদ্যালয় কেন্দ্রে একাধিক নারীকে। জানতে চাইলে তারা বলেন,‘ভোট টানতেছে না। দীর্ঘক্ষণ পর পর ভোটার ভেতরে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। অনেকে অসুস্থবোধ করছে। এভাবে তো ভোট দেয়া কষ্টকর।’ পাঁচ্চর কেন্দ্রে ভোট দিতে এসে অপেক্ষারত এক বৃদ্ধা নারী বলেন,’অনেকক্ষণ ধরে আসছি। লাইনে দাঁড়াইতে পারি না। বাইরে বসে আছি।’