রামগতিতে চাঁদাবাজি অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Printed Edition
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চাঁদাবাজির ঘটনায় বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে রোববার পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর রামগতি থানা পুলিশ অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি চরপোড়াগাছা ইউনিয়ন, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকার সুজনগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। স্থানীয় ব্যবসায়ীদের ও ইটভাটা মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চরপোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করিয়ে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয়।
এ ছাড়া রামদয়াল বাজারের এক ব্যবসায়ীর দোকানে দুই দফায় ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে। একই সময়ে চরআলগী ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি, সাংগঠনিক সম্পাদক রায়হান ও ওয়ার্ড সভাপতি আশিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়, রাজনৈতিক প্রভাব দেখিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা দলের কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। নির্বাচনের বিজয়কে পুঁজি করে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাবে, তাদের আমাদের দলের মধ্যে কোনো স্থান নেই। আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।