আজই শিরোপা নিশ্চিত করতে চায় রাজশাহী স্টারস

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আজ শেষ হচ্ছে নারী ফুটবল লিগ। তবে যদি আজ রাজশাহী স্টারস জিততে পারে বাংলাদেশ আর্মির বিপক্ষে। সকাল ৯টায় কমলাপুর স্টেডিয়ামে এই দুই দলের ম্যাচ রাজশাহী স্টারস ড্র করলেও চ্যাম্পিয়ন হবে। তবে আর্মি জিতে গেলে খেলা গড়াবে প্লে-অফে। ৯ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী। সমান ম্যাচে ২৪ করে পয়েন্ট আর্মি ও ফরাশগঞ্জের। ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়ে শিরোপার রেসে এগিয়ে যায় রাজশাহী। অন্য দিকে আর্মিকে হারিয়েছিল ফরাশগঞ্জ। ফলে আজ যদি আর্মি জিতে যায় তা হলে তারা রাজশাহী ও আর্মির পয়েন্ট হবে ২৭ করে। তখন প্লে-অফে তাদের খেলতে হবে শিরোপার জন্য। রাজশাহীর ম্যানেজার মুশফিকুর রহমান জানান, আমরা আজই জিতে শেষ করতে চাই লিগ। তবে নেপাল থেকে এখনো না পৌঁছানোর ফলে দুই নেপালিকে খেলানো নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী। দিপা শাহী ও বিমলা বিকে নেপাল গিয়ে এখনো ফিরতে পারেননি।

আজ মোট পাঁচটি ম্যাচ। সকালে খেলা রাজশাহী ও আর্মির। বেলা ১১টায় মুখোমুখি হবে বিকেএসপি ও শুদ্ধপুস্করিনি। বেলা ২টায় বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ সিরাজ স্মৃতি। বিকেল সোয়া ৪টায় আনসার ও ভিডিপি খেলবে ফরাশগঞ্জের বিপক্ষে। আর সন্ধ্যা সাড়ে ৬টায় কাচারীপাড়ার ম্যাচ ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে।