চুরি হওয়া ট্রাকের যন্ত্রাংশ সোনাগাজী যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার!

Printed Edition

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন পবিরের সোনাগাজীর বাড়িতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যুবদল নেতা ইমাম হোসেন প্রবীরকে দলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত রোববার রাতে চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে ওই যুবদল নেতার বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের যন্ত্রাংশ অংশ উদ্ধারের পর গতকাল সোমবার দল থেকে প্রাথমিক সদস্যপদসহ তাকে বহিষ্কারের চিঠি প্রেরণ করা হয় ।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ অসঙ্গতি পরিপন্থী নানা অনাচারের কারণে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরকে দলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।