স্যামসাং বাংলাদেশের নতুন হেড অব প্রোডাক্ট শাহরিয়ার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং হিসেবে মোহাম্মদ শাহরিয়ারকে নিয়োগ দিয়েছে স্যামসাং বাংলাদেশ। নতুন দায়িত্বে তিনি পণ্যের সম্পূর্ণ লাইফ সাইকেল ব্যবস্থাপনা, গো-টু-মার্কেট (জিটিএম) কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, মূল্য নির্ধারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে দেশের মোবাইল ডিভাইস বাজারে স্যামসাংয়ের অবস্থান আরো শক্তিশালী করতে কাজ করবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির গণমাধ্যম উইং বলছে, স্যামসাংয়ের সাথে ১২ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মোহাম্মদ শাহরিয়ার। নতুন এ দায়িত্ব নেয়ার আগে তিনি প্রতিষ্ঠানটির চিফ ম্যানেজার ও হেড অব সেলস টিম ট্রেনিং হিসেবে দায়িত্ব পালন করেন। হেড অব সেলস টিম ট্রেনিং হিসেবে তিনি ১৩ সদস্যের একটি দলের নেতৃত্ব দেন। এর পাশাপাশি তিনি নানা ধরনের প্রশিক্ষণসামগ্রী তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। এ ছাড়া আঞ্চলিক পর্যায়ের সেলস লিডার, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যানেজার এবং শতাধিক বিক্রয় প্রতিনিধির দক্ষতা উন্নয়নেও তিনি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। স্যামসাংয়ে যোগ দেয়ার আগে তিনি রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল সার্ভিসেস বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘স্যামসাং বাংলাদেশের নতুন এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের উদ্ভাবনী ব্যবসায়িক কৌশলের ধারাবাহিকতায় নতুন এই দায়িত্বে আমার মূল লক্ষ্য হবে কার্যকর প্রোডাক্ট স্ট্র্যাটেজি তৈরি করা, গ্রাহকদের সেবা দেয়া এবং বাংলাদেশে একটি আস্থাভাজন প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের অবস্থান আরো সুদৃঢ় করা।