ফাইনালেই নজর চার দলের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরেবাংলায় আজ অনুষ্ঠিত হবে প্লে-অফের প্রথম দুই ম্যাচ। বেলা ১টায় এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এরপর সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে খেলবে লিগের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্স এবং দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালস। এ ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। ২৩ জানুয়ারি ফাইনালের সূচিতেও একটু পরিবর্তন হয়েছে। সন্ধ্যা ৭টার পরিবর্তে হবে সন্ধ্যা ৬টায়।

প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দল আগামীকাল সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল ২৩ জানুয়ারি ফাইনালে প্রথম কোয়ালিফায়ার জয়ী দলের মুখোমুখি হবে। চার দলের চার অধিনায়কই জানালেন ফাইনালে খেলার কথা। তবে সবাই প্রতিপক্ষকে সমীহই করছেন।

বিপিএলের প্লে-অফ পর্ব সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি সিলেট টাইটান্স। গতকাল সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে ঘাম ঝরাতে দেখা গেছে দলটির ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস, মঈন আলী, স্যাম বিলিংসকে। আলাদা নজর কাড়েন সদ্য দলে যোগ দেওয়া ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। ফিটনেস ড্রিলের পর ব্যাট ও বল হাতে পুরোদমে অনুশীলনে মগ্ন থাকেন। মঈন নেট ব্যাটিং করলেও তাকে কোচের ভূমিকাতেই বেশি দেখা যায়। মিরাজ, নাসুম আহমেদকে শেখাচ্ছেন বলের ঘূর্ণি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, ‘গ্রুপ পবের্র হার আর প্লে অফের হার এক কথা নয়। তবে আমরা সে দিকে হাঁটছি না। জয় নিয়েই দ্বিতীয় এলিমিনেটরে যেতে চাই।’

রংপুর অনুশীলন করেছে বসুন্ধরায়। চট্টগ্রাম রাজশাহী মিরপুরেই। কোয়ালিফায়ারে শক্তিশালী রংপুর সিলেটকে হারিয়েই উঠতে চায় পরের ধাপে। রংপুরের অধিনায়ক লিটন কুমার দাসের কথা, ‘আগে কী হয়েছে না হয়েছে সে দিকে যেতে চাই না। পা হড়কানোর কোনো সুযোগ নেই। দলের সবাই এলিমিনেটরে জিতে ফাইনাল খেলতে প্রস্তুত। শিরোপার কথা এখন নেই বা বললাম, সেটি পরের ধাপের পরিকল্পনা।’

প্রথম কোয়ালিফায়ারে জয় দিয়ে সরাসরি ফাইনালে যেতে মরিয়া চট্টগ্রামের অধিনায়ক শেষ মাহেদী হাসান। একেবারেই ঝামেলা শেষ করতে চান তিনি, ‘রাজশাহী চমৎকার দল, গোছানো। তবে আমরা জয় দিয়েই ফাইনালে যেতে চাই। দলের সবার একই কথা। তবে মনে রাখতে হবে এটা ক্রিকেট, যে কোন কিছুই হতে পারে।’ কম গেলেন না রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘কখন যে কী হয় এটি বলা মুশকিল। আমাদের সর্বোচ্চ রান ১৭৯, আগে ব্যাটিং পেলে এটিকে আগামীকাল (আজ) ২০০ ছাড়াতে চাই। আর ২০০ পর করা মানে প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ। যেটি আমরা উপভোগ করতে চাই।’

গ্রুপ পর্বে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ দিয়ে এবারের বিপিএলের লিগ পর্ব শেষ হয়েছে। টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে চট্টগ্রাম। সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটের কারণে রংপুর রাইডার্স রয়েছে ৩ নম্বরে। চট্টগ্রাম ও রংপুরের নেট রান রেট যথাক্রমে +০.৪৯৭ ও +০.২২০। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব সবার ওপরে রাজশাহী ওয়ারিয়র্স। ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিলেট টাইটান্স। ঢাকা ও নোয়াখালী লিগ পর্বে বিদায় নিয়েছে।