দুর্নীতি, টেন্ডারবাজি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভোটের আহ্বান হাসনাতের
Printed Edition
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে তাদের বিরুদ্ধে ভোট দিবেন। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা সবাই ভোট দিবো।
ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হবো না। যে টাকা নিয়ে আসবে তাদের আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পিছনে ঘুরে এক হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পিছনে।
আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।