স্কটল্যান্ডকে বিকল্প ভাবছে আইসিসি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ কি খেলবে?- এই প্রশ্নের উত্তর জানতে আর খুব একটা সময় বাকি নেই। আগামীকালের মধ্যেই হতে পারে ফয়সালা। আইসিসির ধীরগতির কারণে টাইগারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই! নিরাপত্তা ইস্যুতে এবং দেশের স্বার্থে ভারতে খেলতে অনাগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থান থেকে নড়ছে না। এ দিকে কালক্ষেপণ করে সময় স্বল্পতার দোহাই দিচ্ছে আইসিসি। অনড় মনোভাবের মুখে আইসিসি বিকল্প পথেও হাঁটার প্রস্তুতি নিচ্ছে। এমনটিই জানিয়েছে এএফপি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে রাজি না হয়, তাহলে বাংলাদেশের জায়গায় টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পারে স্কটল্যান্ড। আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী, মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ দলগুলোর মধ্যে স্কটিশরাই সবচেয়ে এগিয়ে থাকায় তাদেরই বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স দলে না রাখার পর বিষয়টি বড় আকার ধারণ করে। বিসিবির মতে, একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে, পুরো একটি জাতীয় দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেই উদ্বেগের কথা উল্লেখ করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয় বিসিবি। চিঠিতে শুধু আপত্তিই নয়, বিকল্প প্রস্তাবও দিয়েছে বিসিবি। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানানো হয়। এই দাবিকে সামনে রেখে আইসিসির সাথে একাধিক বৈঠকও করেছে বিসিবি। সম্প্রতি আইসিসির একটি প্রতিনিধিদল ঢাকায় এসে বিসিবি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসে। সেখানেও হয়নি কোনো সমাধান। বিসিবির অনড় অবস্থানের বিপরীতে আইসিসিও তাদের পূর্বনির্ধারিত সূচি ও ভেনু পরিবর্তনের প্রশ্নে অনড় থাকে।
ইএসপিএন-ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি বিসিবিকে আগামীকাল ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের দিকেই এগোবে তারা। আইসিসির দাবি, নির্ধারিত ভেনুতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং সে বিষয়ে বাংলাদেশকে আশ্বস্তও করা হয়েছে।
বিসিবি গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছিল; অর্থাৎ আয়ারল্যান্ডকে ‘সি’ গ্রুপে পাঠিয়ে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে নেয়ার প্রস্তাব। তবে শুরুতে রাজি থাকলেও ক্রিকেট আয়ারল্যান্ড সেই প্রস্তাব পরে সরাসরি নাকচ করে দেয়। গুঞ্জন রয়েছে এর পিছনেও ভারতীয় বোর্ডের হাত রয়েছে। এই পরিস্থিতিতে আইসিসি বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রাখছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ না খেললে দ্রুত সেই শূন্যস্থান পূরণ করা হবে, যাতে টুর্নামেন্টের কাঠামো ও সূচিতে বড় কোনো পরিবর্তন না আসে। সব মিলিয়ে নিরাপত্তা, রাজনীতি ও কূটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে।
ডেডলাইন অস্বীকার বিসিবির
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশকে ‘ডেডলাইন’ দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবি বলছে ভিন্ন কথা। বোর্ডের দাবি, আলোচনা শেষ পর্যায়ে থাকলেও ‘ডেডলাইন’ পর্যন্ত যায়নি।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে আইসিসি প্রতিনিধিদল বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, আগামী ২১ জানুয়ারির মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তবে গতকাল মিরপুরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নির্দিষ্ট কোনো তারিখের কথা অস্বীকার করেছেন। আইসিসি পরবর্তী তারিখ জানাবে বলে কথা দিলেও কোনো ‘ডেডলাইন’ দেয়নি। আইসিসি এখন পর্যন্ত সূচি বা ভেনু পরিবর্তনের ব্যাপারে কোনো ইতিবাচক সঙ্কেত দেয়নি।