রিয়াল-বায়ার্ন ‘এল ক্লাসিকো’ আজ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ফুটবলে ‘এল ক্লাসিকো’ হিসেবে সর্বদা বিবেচিত রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচ। যার সাথে জড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে লস ব্লাঙ্কোস ও বাভারিয়ানরা। ম্যাচটি শুধু একটি সেমিফাইনাল উঠা বা নকআউট লড়াই নয় বরং ইউরোপীয় আধিপত্যের লড়াই হিসেবেও বিবেচিত। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। শেষ আটের প্রথম লেগে অপর ম্যাচে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপির মোকাবেলা করবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল।
চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই কিং হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদ। বর্তমান দলটি অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত মিশ্রণ গঠিত। মিডফিল্ডে নিয়ন্ত্রণ, উইং দিয়ে দ্রুত আক্রমণ ও গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার ক্ষমতা- সব মিলে তারা যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। বিশেষ করে বড় ম্যাচে তাদের মানসিক দৃঢ়তা অসাধারণ, যা অতীতেও বহুবার প্রমাণত দিয়েছে দলটি। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চায় না কোনো দলই। আলভারো আরবেলোয়ার দল ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বিধ্বংসী ফর্ম প্রদর্শন করছে। শেষ ষোলোতে স্প্যানিশ জায়ান্টরা টানা দুই লেগেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
তবে চ্যাম্পিয়ন্স লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে কিছুটা হতাশ রিয়াল মাদ্রিদ। কারণ ইউরোপ সেরার প্রতিযোগিতায় নামার আগে লা লিগায় সবশেষ ম্যাচে মায়োর্কায় অপ্রত্যাশিত পরাজয়ে মাদ্রিদের শিরোপা জয়ের আশায় বড় ধাক্কা লেগেছে। খেলার ধারার বিপরীতে স্বাগতিকদের কাছে ২-১ ব্যবধানে হেরে লিগ শিরোপা পনরুদ্ধারে বার্সেলোনার সাথে ব্যবধান কমাতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। আর ইউরোপ সেরার প্রতিযোগিতায় নামার আগে গোলরক্ষক থিবো কর্তোয়ার অনুপস্থিতি বেশি ভোগাবে রিয়াল মাদ্রিদকে।
অন্য দিকে শক্তির তুলনায় কম নয় বায়ার্ন মিউনিখও। জার্মান জায়ান্টরা আক্রমণাত্মক ফুটবলের জন্য বিখ্যাত। তাদের হাই প্রেসিং, দ্রুত পাসিং ও সংগঠিত টিম প্লেন প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো ফর্মে রয়েছে দলটি। আক্রমণভাগে ধারাবাহিকতা দেখিয়েই চলেছে বাভারিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে তারা আটালান্তাকে মোট ১০-২ গোলে গুঁড়িয়ে দিয়ে তাদের অপ্রতিরোধ্য শক্তির পরিচয় দিয়েছে। ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচের আগে বুন্দেস লিগায় মৌসুমে দ্বিতীয় ম্যাচে হারতে হারতে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। যা তাদের এই ম্যাচের আগে বাড়তি প্রেরণা জোগাবে। ফলে রিয়ালের ডিফেন্সকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে।
এই ম্যাচের মূল লড়াই হতে পারে মিডফিল্ডে। যে দল বলের দখল বেশি রাখবে ও খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে, তারাই এগিয়ে থাকবে। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ মিডফিল্ডাররা খেলা ধীর করে নিজেদের মতো করে গড়তে চাইবে, আর বায়ার্ন চেষ্টা করবে দ্রুতগতির খেলায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে। ডিফেন্সিভ দিক থেকে ছোট একটি ভুলই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে। অভিজ্ঞতা বনাম গতির এই লড়াইয়ে কে জিতবে, তা নির্ভর করবে মাঠের পারফরম্যান্স ও মুহূর্তের সিদ্ধান্তের ওপর। সব মিলে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন এক হাই-ভোল্টেজ, ট্যাকটিক্যাল ও রোমাঞ্চকর লড়াইয়ের।