গোল করেই বছর পার করলেন রোনালদো
Printed Edition
ক্রীড়া ডেস্ক
সৌদি প্রো লিগে ২০২৫ সালটি গোলের মধ্য দিয়েই শেষ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ শুরুর ১৬ মিনিটে জর্জিনিও উইজনাল্ডামের গোলে পিছিয়ে পড়ে আল নাসর। ৪৭ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে সমতায় ফেরে লিগে রেকর্ড টানা ১০ ম্যাচে জয়ীরা। এরপর ৬৭ মিনিটে ভাগ্যের ছোঁয়ায় বছরের শেষ ম্যাচে গোলের দেখা পেলেন রোনালদো। হাজার গোলের পথে ছুটে চলা পর্তুগিজ কিংবদন্তির ক্যারিয়ার এ নিয়ে গোল হলো ৯৫৭টি। এই বছরে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচে ৪১ গোল করলেন ৪০ বছর বয়সী আল নাসর অধিনায়ক। ১১ ম্যাচে ১৩ গোল করে ফেলিক্সের সাথে যৌথভাবে এবারের লিগের সর্বোচ্চ স্কোরারও রোনালদো। তবে ঘুরে দাঁড়িয়ে জয়ের আশাজাগালেও শেষ পর্যন্ত জয়যাত্রা থেমে গেল আল নাসরের। ৮০ মিনিটে উইজনাল্ডামের গোলে ২-২ সমতায় ফেরে আল-ইত্তিফাক। এই ড্র’র পরও লিগে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল তাওউন। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আল হিলাল।