মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দাবি বাস্তবায়নে প্রশাসনকে সাত কর্মদিবসের আলটিমেটাম দিয়েছে জেলার সংবাদকর্মীরা।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ঘুষ-বাণিজ্যের সাথে জড়িত। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভির মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং স্থানীয় সংবাদকর্মী আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালামসহ অন্যান্য বক্তারা অবিলম্বে অভিযুক্ত কর্মচারীর অপসারণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।