হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

Printed Edition

এএফপি

হোয়াইট হাউজের কাছে রোববার ভোরের দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করছে মার্কিন সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরেই ওয়াশিংটন ডিসির লাফায়েট পার্কের আশপাশের এলাকায় গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যান এবং প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত পার্ক ও তার আশপাশের এলাকায় তল্লাশি চালান।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, কোনো সন্দেহভাজনকে খুঁজে পাওয়া যায়নি এবং কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংস্থাটি এবং এর সহযোগীরা একটি গাড়ি এবং সন্দেহভাজন এক ব্যক্তির সন্ধান করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ছিলেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে উচ্চতর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি সামাজিক মাধ্যম এক্স-এ পাস্টে বলেছেন, তদন্তের কারণে কিছু রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরে সেগুলো আবার খুলে দেয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় সিক্রেট সার্ভিসের এক প্রতিনিধি বিবিসিকে নিশ্চিত করেছেন যে, তদন্ত অব্যাহত রয়েছে।