নির্বাচনের ফলাফল নিয়ে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রক্তস্নাত জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে সহিংসতা নয়, বরং সুশাসন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তোলাই জাতির মূল প্রত্যাশা বলে মন্তব্য করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
গতকাল দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার এক জরুরি সভায় দলটির নেতারা এই অভিমত ব্যক্ত করেন।
দলের আমির আল্লামা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ নির্বাচনের দৃশ্যমান আয়োজনের আড়ালে সন্ধ্যার পর ক্ষেত্র বিশেষে ‘ইঞ্জিনিয়ারিং’য়ের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের সাথে তামাশা করা হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর জনগণ ব্যালটের অধিকার ফিরে পাওয়ার আশা করলেও ঘোষিত ফলাফল সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে ব্যর্থ হয়েছে। সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট প্রার্থীদের সংসদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করা হয়েছে।
সভায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকদের ওপর দেশব্যাপী চালানো সহিংসতার তীব্র নিন্দা জানানো হয়।
মহাসচিব মুসা বিন ইযহারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, যুগ্ম মহাসচিব মাওলানা ডা: মুহম্মদ ইলিয়াস খান, মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতি দ্বীনের আলম হারুনী প্রমুখ।