নয়া দিগন্তে সংবাদ প্রকাশ
শাহজালাল মাজারের শতবর্ষী খেজুর গাছ কাটার তদন্ত শুরু
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেটের হজরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে উন্নয়ন কাজের নামে শতবর্ষী খেজুর গাছ কাটার ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে এ তদন্ত কার্যক্রম শুরু হয়।
গত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে মাজার প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় কাটা খেজুর গাছগুলো জব্দ করার নির্দেশ দেয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জীবিত কোনো গাছ না কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
শাহজালাল (রহ:) মাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান নয়া দিগন্তকে বলেন, নিয়ম-কানুন সম্পর্কে অবগত না থাকায় অনিচ্ছাকৃতভাবে কয়েকটি খেজুর গাছ কাটা হয়েছে। মসজিদের উন্নয়নের স্বার্থে অস্থায়ী স্থাপনা নির্মাণের জন্য জায়গা পরিষ্কার করতে গিয়ে ছয়টি গাছ কাটা হয়। তবে তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।
তদন্ত কমিটির সদস্য ও সিলেট ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আনোয়ারুল কাদির বলেন, সরেজমিনে পরিদর্শনে গাছ কাটার প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা ভুল স্বীকার করেছেন। আপাতত জীবিত কোনো গাছ কাটা যাবে না। পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে।
প্রকৃতি ও জীবন ক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক সাদিকুর রহমান সাকী বলেন, শাহজালাল (রহ:) মাজার শুধু ধর্মীয় স্থাপনা নয়, এটি ঐতিহ্য ও মানুষের আবেগের প্রতীক। এ ঘটনায় প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে সবার দৃষ্টি রয়েছে।