শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করতে দলের নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, কোনো অপশক্তিই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।
মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করতে দেশীয় ও আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হয়েছে। শত প্রতিকূলতার পরও বিএনপিকে কেউ দমাতে পারেনি, বরং দলটি দিন দিন আরো জনপ্রিয় হয়েছে। দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বিএনপি ততবারই জয়লাভ করেছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি সক্ষম হবে বলেও তিনি মন্তব্য করেন।
নিজেকে বিএনপির একজন কর্মী হিসেবে সৌভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে পারা তার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমৃত্যু দলের প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করতে চান বলেও জানান তিনি।
তিনি পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার গুম, খুন, জেল, জুলুম, নির্যাতনের নিন্দা করে বলেন, হাসিনার শাসনামলে যারা গুম, খুন, জেল-জুলুম, নির্যাতন ও গণহত্যার শিকার হয়েছে; তারাই একদিন তার এসব অপরাধের বিচার নিশ্চিত করবে এবং খুনী হাসিনার অপরাধের বিচার এই দেশের মাটিতেই হবে।
হুইপ বলেন, শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ গড়ার নতুন প্রত্যয় নিয়ে সংগ্রাম করছে এবং মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ যাত্রায় দলের সব নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক।
অনুষ্ঠানে দলের বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তৃতা করেন। প্রধান বক্তা বাবুল আহমেদ বলেন, জিয়াউর রহমান খুব অল্প সময়ের মধ্যেই দলকে গণমানুষের কাছে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন।
বিশেষ অতিথির বক্তৃতায় শহীদ জিয়ার অবদানের কথা উল্লেখ করে কাজী রফিক বলেন, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব হয়েছে শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণে।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।