সিলেটে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেটের জকিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে র্যাব-৯ এবং ১৯ বিজিবির সদস্যরা জকিগঞ্জ থানাধীন কাজলসার ইউনিয়নের রায়গঞ্জে অবস্থিত পেট্রোবাংলা পয়েন্টসংলগ্ন রায়গ্রাম যাত্রী ছাউনির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কাউকে আটক কিংবা শনাক্ত করা যায়নি বলে সংশ্লিষ্ট বাহিনী জানিয়েছে।
গতকাল সোমবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে যাত্রী ছাউনির পেছনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল এবং ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিস্ফোরক জিডি মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, জুলাই বিপ্লবের পর থেকে অদ্যাবধি র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪৩টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগজিন, ২৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল, ১৩৭টি এয়ারগান এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।