অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, কালীগঞ্জ স্যাটেলাইট গ্যাস প্লান্টকে জরিমানা

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্য আদায়ের অভিযোগে একটি স্যাটেলাইট গ্যাস প্লান্টে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া (মূলগাঁও) এলাকার বিএম এনার্জি বিডি লিমিটেডের কারখানায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।

গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত পাইকারি মূল্য থাকার পরও কারখানা কর্তৃপক্ষ বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিল। অভিযানে এ অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষকে এ অর্থদণ্ড দেয়া হয়।

গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব দে আকাশ বলেন, এর আগে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে একাধিক অভিযান চালানো হয়েছে। তদন্তে দেখা গেছে, গ্রাহকদের চালানে সরকারি নির্ধারিত মূল্য উল্লেখ থাকলেও বাস্তবে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং চ্যানেলে ট্রান্সফারের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এমন অভিযোগ শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে।

কোনো ধরনের অতিরিক্ত দাম দাবি করা হলে তা মেনে না নিয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।