ব্রুনাই রাষ্ট্রদূতের সাথে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

দ্বিপক্ষীয় সহযোগিতা ও ইসলামী মূল্যবোধ জোরদারে গুরুত্বারোপ

Printed Edition
3rd-3
আল্লামা মামুনুল হক গতকাল ব্রুনেই রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওসমানের সাথে সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওসমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল বিকেলে ব্রুনাই হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামী শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ ও ব্রুনাইয়ের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে বিশেষ করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে মামুনুল হক বলেন, ব্রুনাই একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র। দেশটির সাথে বাংলাদেশের ইসলামিক সংগঠনগুলোর সম্পর্ক আরো গভীর ও প্রাতিষ্ঠানিকভাবে বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধভিত্তিক সামাজিক উন্নয়ন, হালাল শিল্প এবং দাওয়াহ কার্যক্রমের প্রসারে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর হবে।

রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওসমান বাংলাদেশের সাথে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। উভয় পক্ষ ভবিষ্যতে আনুষ্ঠানিক সহযোগিতার কাঠামো নির্মাণে আগ্রহ প্রকাশ করেন এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান ব্রুনাই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হাজী রোজাইমি প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।