রমজানে স্কুল বন্ধের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত
মধ্য রমজান পর্যন্ত খোলা রাখার চিন্তা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সারা দেশে রমজান মাসে স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত গতকাল এ আদেশ দেন।
এর একদিন আগে রোববার পুরো রমজান মাসজুড়ে স্কুল-কলেজ বন্ধ রাখার বিষয়ে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো: আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো: ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
এর আগে গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। নোটিশে বলা হয়, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে- এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক।
নোটিশে আরো বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারা দিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়। ফলে তাদের রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র জানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারো কাম্য নয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।