চড়কাণ্ডে বিতর্কে নেইমার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার আবারো বিতর্কে জড়িয়েছেন। বিশ্বকাপের আগে এমন ঘটনায় তার ভবিষ্যৎ ও জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সতীর্থ তরুণ ফুটবলারকে মারধরের অভিযোগে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে তার ক্লাব সান্তোস।
গত রোববারের অনুশীলন সেশনকে ঘিরে এই ঘটনার সূত্রপাত। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ১৮ বছর বয়সী ফুটবলার রবিনহো জুনিয়র, যিনি ব্রাজিলের সাবেক তারকা রবিনহোর ছেলে। বিভিন্ন সূত্র জানিয়েছে, অনুশীলনের সময় এক পর্যায়ে ড্রিবল করে নেইমারকে কাটিয়ে যান রবিনহো জুনিয়র। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
অভিযোগ অনুযায়ী, নেইমার প্রথমে ইচ্ছাকৃতভাবে পা লাগিয়ে রবিনহো জুনিয়রকে ফেলে দেন। এরপর দু’জনের মধ্যে উত্তপ্ত বাগি¦তণ্ডা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে নেইমার তাকে চড় মারেন এবং অপমানজনক ভাষা ব্যবহার করেন বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতীর্থরা হস্তক্ষেপ করে তাদের আলাদা করেন।
ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন রবিনহো জুনিয়র। তার পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে এবং প্রয়োজনে চুক্তি বাতিলের কথাও বিবেচনায় রয়েছে। তার এজেন্ট আনুষ্ঠানিকভাবে আইনি নোটিশও পাঠিয়েছেন বলে জানা গেছে।
এক বিবৃতিতে সান্তোস জানায়, ঘটনাটি তারা গুরুত্বের সাথেই দেখছে এবং ক্লাবের আইন বিভাগ ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।