রেড ক্রিসেন্টকে আরো কল্যাণমুখী করে গড়ে তোলার অঙ্গীকার নতুন চেয়ারম্যানের
Printed Edition
সিলেট ব্যুরো
১৭ বছরের ফ্যাসিবাদী কবল থেকে রেড ক্রিসেন্টকে মুক্ত করে জনগণের জন্য আরো কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নবনিযুক্ত ব্যারিস্টার এম এ সালাম। তিনি বলেন, রেড ক্রিসেন্ট হবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর সে লক্ষ্যেই রেড ক্রিসেন্টকে প্রস্তুত করে সরকারের মানবিক কার্যক্রমের গতিকে ত্বরান্বিত করা হবে। সোমবার সকালে বিমানযোগে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং সিলেট রেড ক্রিসেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ার করেন ব্যারিস্টার সালাম।
মাজার জিয়ারত শেষে বেলা ১টায় সিলেট ইউনিটের কার্যালয় পরিদর্শন করে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্টের ইউনিট নির্বাহী কমিটি, কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এ সময় ব্যারিস্টার সালাম বলেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক আন্দোলন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো মানবিক সঙ্কটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনেও এই সেবার ধারা অব্যাহত রাখতে এবং আরো গতিশীল করতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, রক্তদান কর্মসূচি এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোসাইটির প্রত্যেক স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির শাহী।
এ সময় উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুলাহ মামুন সামন, নির্জর রায়, কামরুজ্জামান দিপু, আলীমুল এহসান, তাহমিনা হাসান চৌধুরী, আবু সাইদ মো: ইব্রাহিম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের পরিচালক ডা: তৌহিদ চৌধুরী, রেড ক্রিসেন্টের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির প্রমুখ।