ঢাবিতে শহীদ ওসমান হাদি স্মৃৃতি বইমেলা শুরু ১৮ জানুয়ারি

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাবি শাখার যৌথ উদ্যোগে আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’। উদ্বোধন করবেন ভাই ওমর বিন হাদি। প্রতিদিন সকাল ৯টা-রাত ৯টা পর্যন্ত ঢাবির টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি থাকবেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েমসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

গতকাল মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে বইমেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাবি শাখার সভাপতি আশিক খান। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

লিখিত বক্তব্যে আশিক খান বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান, ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তার সংগ্রাম আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, পাঠ ও চিন্তার মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই এ বইমেলার মূল লক্ষ্য।

বইমেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল ছাড়াও স্মরণসভা, আলোচনা সভা, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে বিশেষ আলোচনা এবং শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক নানা আয়োজন থাকবে।

এ সময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শহীদ শরিফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, তাকে এগিয়ে নিতেই আমাদের এ উদ্যোগ। আমরা প্রতি বছর নিয়মিতভাবে এ স্মৃতি বইমেলা আয়োজন করতে চাই।