বিএমইউতে অফিস শুরু করেছেন নতুন ভিসি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী গতকাল কর্মদিবস শুরু করেছেন। প্রথম কর্মদিবসের শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিদায়ী ভারপ্রাপ্ত ভিসি ও প্রোভিসি একাডেমিক অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, প্রক্টর ডা: শেখ ফরহাদ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন।
নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রতিষ্ঠানে আমি ইন্টার্নশিপ করেছি। আরপি, হোস্টেল সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যেমন সুনাম আছে তেমন নানাবিধ সমস্যাও আছে। এ বিশ্ববিদ্যালয়ের কাছে গণমানুষের প্রত্যাশা অনেক। সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে গণমানুষের সে প্রত্যাশাকে পূরণ করতে হবে। সবাইকে একটা কথা মনে রাখা প্রয়োজন, যে যে পদে দায়িত্ব পালন করেন সে পদের দায়িত্ব কী কী সেটা উপলব্ধি করে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মনোযোগী হতে হবে। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।