দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচন

বিএনপি ৯ জামায়াত ৪ পদে জয়ী

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল। ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এবং সাধারণ সম্পাদকসহ ৪টি পদে জামায়াত সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। বাকি দু’টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

শনিবার দিবাগত রাত ৩টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট মো: ইব্রাহীম। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল অনুযায়ী, ৩১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: এমাম আলী। সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আবুল আলা মো: মাহবুবুর রহমান ভুট্টু।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে অন্যান্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম-২ ও মো: আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মো: মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ মো: নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না। এ ছাড়া এই প্যানেল থেকে সদস্য পদে মো: জোবায়ের আল মাহমুদ ও মো: এনামুল হক জয়ী হয়েছেন। জামায়াতসমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক ছাড়াও সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মো: তোজাম্মেল হক বকুল এবং সদস্য পদে মোহাম্মদ ওবায়দুল্লাহ ও মোছা: শারমিন আক্তার নির্বাচিত হয়েছেন। অন্য দিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সহ-সাধারণ সম্পাদক পদে মো: তোজাম্মেল হক লিটন এবং সদস্য পদে মো: সাদেকুর রহমান বিজয়ী হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল কোনো পদেই জয়লাভ করতে পারেনি।