কুমিল্লায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় অটোরিকশাযাত্রী এক দম্পতির পথরোধ করে স্বামীকে জিম্মি করে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত বৃহস্পতিবার থানায় মামলা করেছেন।
উপজেলার ওপারচর গ্রামের রাস্তায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মামলায় আশিকুর রহমান (২৪) নামে এক যুবককে প্রধান আসামি করা হয়েছে। তার সাথে আরো ছয়-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী এবং তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাতে তারা তিতাস উপজেলায় বাবার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর দু’টি মোটরসাইকেলে করে আসামিরা তাদের পথ রোধ করে দাঁড়ায়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দম্পতিসহ অটোরিকশাটি একটি নির্জন ইটের সড়কে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে স্বামী ও চালককে আলাদা করে আটকে রাখে। এ সময় প্রধান আসামি ও তার সহযোগীরা গৃহবধূকে সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণ করে। হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো: শহিদ উল্লাহ জানান, বুধবার রাত ৩টার দিকে ওই দম্পতি হাসপাতালে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ভুক্তভোগী নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রধান আসামি আশিকুর রহমানসহ অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।