বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিন ধরে চলা যাত্রীবাহী কোচ সংকট কাটাতে এবং যাত্রীসেবার আধুনিকায়নে ভারত থেকে আমদানি করা হচ্ছে ২০০টি সর্বাধুনিক প্রযুক্তির ব্রডগেজ কোচ।
সীমান্তপথ হিসেবে চুয়াডাঙ্গার ঐতিহাসিক দর্শনা জংশন রুট ব্যবহার করে এসব কোচের চালান বাংলাদেশে আনা হচ্ছে। ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘রাইটস লিমিটেড’ -এর সঙ্গে সম্পাদিত ৯১৫ কোটি রুপির আন্তর্জাতিক চুক্তি এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এই মেগা প্রকল্প।
রেলসূত্র জানায়, প্রথম চালানের ২০টি কোচ সমন্বিত প্রথম নতুন রেকটি দেশের বহরে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। মঙ্গলবার দিল্লি থেকে প্রথম চালানের ২০টি কোচ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং আগামী রোববার নাগাদ দর্শনা রেলবন্দর হয়ে দেশে প্রবেশের সম্ভাবনা আছে বলে দর্শনা রেলবন্দরের স্টেশন ম্যানেজার নাজমা আক্তার জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ২০০টি কোচের পুরো চালানটি পর্যায়ক্রমে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত খ্যাতনামা ‘রেল কোচ ফ্যাক্টরি’ -তে প্রস্তুতকৃত এসব কোচ জার্মানির উন্নত এলএইচবি প্রযুক্তিতে তৈরি। স্টেইনলেস স্টিলে নির্মিত এই কোচগুলো অত্যন্ত নিরাপদ, দ্রুতগতিসম্পন্ন ও আরামদায়ক।
বিশেষভাবে তৈরি এই ট্রেন রেকে থাকছে যাত্রীদের চাহিদাভিত্তিক নানান বিন্যাস—৩টি এসি স্লিপার, ৩টি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং ২টি পাওয়ার কার। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, জরুরি প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম, মা ও শিশুদের সুবিধার্থে 'বেবি কেয়ার রুম' এবং বিশেষ 'প্রেয়ার রুম'।
নতুন এই এলএইচবি কোচগুলো বহরে যুক্ত হলে বিশেষ করে ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলগামী রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু করা এবং বিদ্যমান ট্রেনগুলোর আসনসংখ্যা বাড়ানো সম্ভব হবে।
উল্লেখ্য, ভারতের গেদে সীমান্ত পেরিয়ে দর্শনা রেলপথ দিয়ে এর আগেও ১২০টি ব্রডগেজ এলএইচবি কোচ এবং শক্তিশালী লোকোমোটিভ আমদানি করেছিল বাংলাদেশ রেলওয়ে। নতুন ২০০টি কোচ যুক্ত হওয়াকে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।