ছাত্র আন্দোলন নিয়ে লোকসভায় আলোচনায় সম্মত অমিত শাহ

Printed Edition

এনডিটিভি

পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সরব হওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়নের তীব্র সমালোচনার মুখে অবশেষে লোকসভায় বিস্তারিত আলোচনায় সায় দিয়েছে ভারতীয় কেন্দ্র সরকার। বিরোধী দলগুলোর টানা দাবির মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দোলনরত ছাত্রদের ওপর নেয়া পদক্ষেপের ব্যাখ্যা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তবে আলোচনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধীদের লোকসভায় কোনো প্রকার হট্টগোল না করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু জানান, ছাত্র আন্দোলন এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে সরকার লোকসভায় বিশদ আলোচনা করতে সম্পূর্ণ রাজি। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেবেন কিংবা সরকার জবাব দেবে, তখন বিরোধী শিবির যেন হট্টগোল করে পরিবেশ বিনষ্ট না করে। তাদের ধৈর্য ধরে সরকারের বক্তব্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব শোনা উচিত বলে মন্তব্য করেন তিনি। সরকারের এই অবস্থান এসেছে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর একটি কড়া কলাম প্রকাশের পর। একটি জাতীয় দৈনিকে লেখা কলামে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি আক্রমণের পর স্বরাষ্ট্রমন্ত্রী কোনো তদন্তের নির্দেশ দেননি, এমনকি কোনো বক্তব্যও পেশ করেননি। তিনি দাবি করেন, আন্দোলন থামাতে শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস, পেরেকযুক্ত লাঠি এবং পেল্ট গান ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিহারের সিওয়ানে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে গুলি চালানোর মতো গুরুতর অভিযোগও তোলেন তিনি।

এর আগে গত ২০ জুলাই নতুন দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট ভবনের দিকে বিক্ষোভকারীরা এগোতে চাইলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে একাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। এরপরই ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। বিরোধীরা এই ঘটনাকে ‘অবৈধ ও অসাংবিধানিক সহিংসতা’ হিসেবে উল্লেখ করে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতার দাবি জানিয়ে আসছিলেন।