ইরান যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, যুক্তরাষ্ট্র তত দুর্বল হয়ে পড়ছে : মার্কিন সিনেটর

Printed Edition

আলজাজিরা

ইরানের সাথে চলমান সঙ্ঘাত ও সামরিক লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্তভাবে পরাজিত হয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তিনি সতর্ক করে বলেছেন, সঙ্ঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ওয়াশিংটন তত দুর্বল হয়ে পড়ছে এবং তেহরান নিজেদের শক্তি আরো বাড়াতে সক্ষম হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেটর মারফি জানান, এই পরিস্থিতি থেকে বের হতে এবং সঙ্ঘাতের অবসান ঘটাতে প্রয়োজনে একটি দুর্বল বা আপসমূলক চুক্তিতে সায় দিতেও তিনি দ্বিধা করবেন না। এর পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর হরমুজ প্রণালী দিয়ে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করার তাগিদ দেন তিনি। মারফির ভাষ্যমতে, যুদ্ধের প্রতিটি দিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে নিচে নামাচ্ছে। শুধু তা-ই নয়, এই যুদ্ধের নেতিবাচক প্রভাবে দেশটিতে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর বৃদ্ধি পাওয়ায় সাধারণ আমেরিকান নাগরিকদের জীবনযাত্রায় চরম নাভিশ্বাস উঠেছে।

যুদ্ধ অব্যাহত রাখতে নতুন করে কোনো বাড়তি বাজেট বা অর্থ বরাদ্দের পক্ষে ভোট দেবেন না বলে সাফ জানিয়ে দেন এই মার্কিন আইনপ্রণেতা। তবে সঙ্ঘাত পুরোপুরি বন্ধ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের ঘাটতি মেটাতে ও অস্ত্রাগার পুনর্গঠনে সরকারের যেকোনো পদক্ষেপে তার সমর্থন থাকবে। এ দিকে পরশু রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে তাদের প্রত্যক্ষ কোনো দ্বিপক্ষীয় আলোচনা চলছে না। তিনি স্পষ্ট করে দেন, তেহরানের সুনির্দিষ্ট শর্তগুলো যুক্তরাষ্ট্র পুরোপুরি না মেনে নেয়া পর্যন্ত হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, মার্কিন সামুদ্রিক ও নৌ অবরোধ প্রত্যাহার করা তেহরানের প্রাথমিক ও প্রধান দাবিগুলোর অন্যতম।