সু চির নিঃশর্ত মুক্তির আসিয়ান প্রস্তাব মিয়ানমার জান্তার প্রত্যাখ্যান
Printed Edition
এপি
কারাবন্দী সাবেক নেত্রী অং সান সু চির নিঃশর্ত মুক্তির বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের নতুন প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক সরকার। একই সাথে এই জোটের পক্ষ থেকে দেশটির জন্য নতুন কোনো বিশেষ দূত নিয়োগের প্রয়োজনীয়তাও নাকচ করে দিয়েছে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্র দফতর জানায়, মানবিক দিক বিবেচনা করে ইতোমধ্যে সু চির সাজা কিছুটা শিথিল করা হয়েছে। তবে তার পূর্ণাঙ্গ ও নিঃশর্ত মুক্তির বিষয়টি মিয়ানমারের নিজস্ব আইনি প্রক্রিয়ার ওপরই নির্ভর করবে। নতুন কূটনৈতিক প্রতিনিধি নিয়োগ প্রসঙ্গে জান্তা প্রশাসন স্পষ্ট জানায়, আসিয়ানের বিদ্যমান বিশেষ দূত ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া থেরেসা লাজারোর সাথেই তারা যোগাযোগ অব্যাহত রাখবে। ২০২৭ সালে সিঙ্গাপুর জোটের নেতৃত্বের দায়িত্ব পেলেও নতুন কোনো দূত পাঠানোর প্রয়োজন নেই বলে তাদের দাবি। জান্তা সরকারের ভাষ্য, বর্তমানে দেশের জনগণের প্রকৃত ইচ্ছা মেনেই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে।
স্মরণযোগ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। এরপর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা দেখা গেলেও অভ্যন্তরীণ দমন-পীড়ন অব্যাহত থাকে। সংঘর্ষ বন্ধ ও সব পক্ষের মধ্যে রাজনৈতিক আলোচনার লক্ষ্যে ২০২১ সালের এপ্রিলে আসিয়ান পাঁচ দফার একটি শান্তি পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে সেই রূপরেখা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় জান্তাপ্রধানকে জোটের উচ্চপর্যায়ের সম্মেলনগুলো থেকে বাদ রাখা হচ্ছে। অবশ্য বৈশ্বিক চাপ কমাতে জান্তা সরকার অতি সম্প্রতি কিছুটা নমনীয় আচরণ দেখিয়েছে। গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধিকে সু চির সাথে সাক্ষাতের সুযোগ দেয়া হয়। আসিয়ানের বর্তমান সভাপতি ফিলিপাইন এই পদক্ষেপকে ইতিবাচক বলে অভিহিত করার পাশাপাশি সু চি-সহ সব রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করে।
বর্তমানে রাজধানী নেইপিডোর এক গোপন স্থানে গৃহবন্দী রাখা হয়েছে অং সান সু চিকে। তার সমর্থক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, ক্ষমতাচ্যুত এই রাজনৈতিক নেত্রীর বিরুদ্ধে আনা সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।