কানাডায় নিয়ন্ত্রণের বাইরে দাবানল
Printed Edition
বিবিসি
পশ্চিম কানাডায় দ্রুত ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এ কারণে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ব্রিটিশ কলাম্বিয়ায়। গত শুক্রবার প্রথম শনাক্ত হওয়ার পর থেকে বাল্ড রেঞ্জ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। দ্বিগুণ হয়ে যায় এর আকার।
ব্রিটিশ কলাম্বিয়ার দাবানল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এখন সামারল্যান্ড, পিচল্যান্ডসহ আশপাশের এলাকায় ১৩৬ বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সামারল্যান্ডের মেয়র ডগ হোমস বলেন, ‘আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’
আগুনের তীব্রতা এতটাই বেড়েছে, সামারল্যান্ডের পুরো এলাকার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন কমিউনিটির হাজার হাজার মানুষকেও সরিয়ে নেয়া হয়েছে। কর্মকর্তারা জানান, দাবানলের শিখা এত উঁচুতে উঠছিল যে, এর ফলে ওই এলাকায় বজ্রপাতও সৃষ্টি হচ্ছিল, যা আগুন আরো ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছিল।
স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, খুব অল্প সময়ের সতর্কবার্তার মধ্যেই দাবানল ভয়াবহ রূপ নেয়। বর্তমানে আগুনটি প্রায় ১৩ হাজার ৬১৮ হেক্টর বা ৩৩ হাজার ৬৫০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে।