প্রেমের ফাঁদে ফেলে ৯ লাখ টাকা আত্মসাৎ জামিনে মুক্ত হয়ে হুমকি বাদিকে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন কৌশলে এক যুবকের কাছ থেকে ৯ লাখ টাকা আত্মসাৎ করেন সুমাইয়া নামে এক নারী। ওই ঘটনায় ভুক্তভোগী যুবকের করা মামলায় গ্রেফতার প্রতারক চক্রের মূল হোতা সুমাইয়ার বাবা বাবুল হোসেন জামিনে মুক্ত হয়ে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যুবক।
জানা গেছে প্রতারণার মামলায় গত ৬ নভেম্বর বাবুল হোসেনকে নওগাঁ জেলার মান্দা থানার এনায়েতপুর জোয়ারদারপাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রাজধানীর মুগদা থানার পুলিশ। পরে গত ১২ নভেম্বর তাকে এক দিনের রিমান্ডে নেয়া হয়।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, প্রতারক সুমাইয়ার সাথে তার ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে নানাভাবে ব্ল্যাক মেইলিং করতে থাকে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুটি বিকাশ নাম্বারের মাধ্যমে মোহাম্মদ রাশেদ, সুমাইয়ার যোগসাজশে তার ৮ লাখ ৮৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
বাদি নিজের বিকাশ নম্বর থেকে আসামির বিকাশে বিভিন্ন সময় তার চাহিদা মতো টাকা পাঠান। এক পর্যায়ে তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন বুঝতে পেরে টাকা ফেরত চান। এর পর থেকে তাকে নানাভাবে হুমকি দিতে থাকে প্রতারক চক্র।
এ ঘটনায় ওই যুবক প্রতারক সুমাইয়াসহ অন্যদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় পুলিশ সুমাইয়ার বাবা বাবুল হোসেনকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে প্রতারক বাবুল আদালত থেকে জামিন নিয়ে গত ১১ ডিসেম্বর কারাগার থেকে ছাড়া পান। জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রতারক চক্র ভুক্তভোগীকে নানাভাবে হুমকি দিচ্ছে।