লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলছরা এলাকা থেকে চুরি যাওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলুর গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নলছরা এলাকা থেকে একটি গরু চুরি হয়। পরে গরুটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন মালিকপক্ষ। একপর্যায়ে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলুর গোয়ালঘরে গরুটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। একজন রাজনৈতিক দলের পদধারী নেতার গোয়ালঘরে চুরি হওয়া গরু পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন। দলের নিয়ম-নীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তবে গরুটি কিভাবে ওই গোয়ালঘরে গেল এবং এর সাথে দেলুর বা অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা চলছে।