সর্বোচ্চ ভোটের ব্যবধানে হারুন অর রশীদ বিজয়ী

Printed Edition

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা

দেশের সর্বোচ্চ এক লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ (ধানের শীষ)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে শুক্রবার ভোরে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।

ফলাফলে দেখা যায়, হারুন অর রশীদ পেয়েছেন দুই লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী জামিল হিজাযী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু (কলস) পেয়েছেন ৩৬ হাজার ৩৩৮ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মুহা: আব্দুল মালেক (হাতপাখা) পেয়েছেন আট হাজার ৫০৩ ভোট, জাতীয় পার্টির অ্যাডভোকেট শফিউল আজম খান (লাঙ্গল) দুই হাজার ৫২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্যা (ফুটবল) এক হাজার ২১৯ ভোট। এ ছাড়া খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম (দেওয়াল ঘড়ি) ৩২১, গণ অধিকার পরিষদের জাহিদ শেখ (ট্রাক) ৬৩৩ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মালেক মণ্ডল (ছড়ি) পেয়েছেন ২৬৬ ভোট।

এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে দুই লাখ সাত হাজার ৬২৫টি এবং ‘না’ ভোট এক লাখ ১৪ হাজার ৭৬৭টি।