যুক্তরাষ্ট্রে আরো মামলার মুখোমুখি হচ্ছে মেটা

Printed Edition

এএফপি

ইতোমধ্যে দু’টি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণের বোঝা মাথায় নিয়ে এবার শিশুদের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যের করা আরেকটি গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি হতে যাচ্ছে মেটা।

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে চলমান অসংখ্য আইনি মামলার মধ্যে গুরুত্বপূর্ণ এই ফেডারেল মামলার বিচার শুরু হচ্ছে চলতি সপ্তাহে। আগামী বুধবার সান ফ্রান্সিসকোর কাছে অকল্যান্ডের একটি ফেডারেল আদালতে জুরি নির্বাচনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হবে। আগামী ১৮ আগস্ট থেকে উভয় পক্ষে মধ্যে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় ছয় সপ্তাহ ধরে বিচার কার্যক্রম চলার পর অক্টোবরের শুরুতে এ মামলার রায় হতে পারে।

ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা অভিযোগ করেছেন, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা ইচ্ছাকৃতভাবে শিশুদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুককে আসক্তিকর করে তুলেছে।