বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার নৌবাহিনীর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে গত মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আরোহীসহ ট্রলারটি উদ্ধার করে।
আইএসপিআর আরো জানায়, উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। একপর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগে পড়েন। নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে নিয়ে যায়। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।