নেপালকে হারিয়ে ইতালির ইতিহাস

Printed Edition
khela-1
তিন উইকেট নিয়ে ম্যাচসেরা ইতালির কালুগামাগে : ক্রিকইনফো

ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচে স্কটল্যান্ডের কাছে পাত্তা পায়নি ইতালি। আসলে ওটি ছিল ইতালিয়ানদের প্রথম বিশ^কাপ ক্রিকেটে খেলা। তাই প্রথম ম্যাচে স্কটিশদের কাছে ৭৩ রানে হেরেছিল। সে ইউরোপিয়ান দেশটি গতকাল গড়েছে ইতিহাস। বিশ্ব মঞ্চে আবির্ভাবের দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেল তারা। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে ইতালি। টসে হেরে নেপাল ১৯.৩ ওভারেই অলআউট। করতে পেরেছিল ১২৩ রান। সে রানকে ১২.৪ ওভারেই পেরিয়ে গেছে ফুটবল বিশ^কাপে চারবারের চ্যাম্পিয়নরা। ম্যাচ সেরা তিন উইকেট নেয়া কৃষাণ কালুগামাগে। ‘সি’ গ্রুপে ইতালিয়ানদের পরের ম্যাচ ১৫ তারিখে ইংল্যান্ডের সাথে। এখন তারা ভাণ্ডারে দুই পয়েন্ট জমা করে স্বপ্ন দেখছে সুপার এইটে খেলার। ১৫ তারিখে নেপাল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।

ইতালির এ ঐতিহাসিক জয়ের জয়ের নায়ক প্রথমে বোলাররা। এরপর মস্কা ভাতৃদ্বয়। রান তাড়ায় দুই ভাই নেমেছেন উদ্বোধনী জুটিতে । তাদের আর আউটই করতে পারেনি নেপালি বোলাররা। জাস্টিন মস্কা ৬০ রানে ও অ্যান্টনি মস্কা ৬২ রানে অপরাজিত ছিলেন। জাস্টিন মস্কা ৪৪ বলে ৬৬ রান করেন। এর মধ্যে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। তার ছেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন অ্যান্থনি মস্কা। তার ব্যাট থেকে এসেছে ছয়টি ছক্কা। আর বাউন্ডারি হয়েছে তিনটি। নেপালের অধিনায়ক ছয় বোলার ব্যবহার করেও কোনো সাফল্য পাননি। বড় তারকা সন্দ্বীপ লামিচানে। তার তিন ওভারেই ৩১ রান তুলে নিয়েছেন মস্কা ভাতৃদ্বয়। বাকি বোলাররাও পাত্তা পায়নি। ফলে টানা দ্বিতীয় ম্যাচের হারতে হলো হিমালয়ের দেশটিকে। অথচ ঠিক আগের ম্যাচে ইংল্যান্ডের ঘাম ছুটিয়ে ফেলেছিল নেপাল। কিন্তু হালে পানি পায়নি ইতালির কাছে।

নেপালি অবশ্য শুরুটা খারাপ করেনি। ম্যাচে ছিল ইনিংসের ১৪তম ওভার পর্যন্ত। ১৩.৪ ওভারে তিন উইকেটে ৯৩ রান তুলে ফেলেছিল দলটি। এ অবস্থা থেকে যেকোনো দল স্কোর দেড় শ’ ছাড়িয়ে নেয়। কিন্তু এরপর দীপেন্দ্র সিং ঐরীকে বোল্ড করে ধসের সূচনা করেন লেগ স্পিনার কৃষাণ কালুগামাগে। এরপর মাত্র ৩০ রান যোগ করতে পারে নেপাল।

অধিনায়ক রোহিত পাউডেল ১৪ বলে দুই ছক্কায় ২৩ রান করেছেন। দলীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে আরিফ শেখের ব্যাট থেকে। ২৪ বলে তিন বাউন্ডারিতে সাজিয়েছেন ইনিংস। তার ভাই আসিফ শেখ করেছেন ২০ বলে ২০ রান। এ ছাড়া দিপেন্দ্র সিং ১৭ এবং এবং কারান কেসি ১১ বলে করেছেন ১৮ রান। তিনি হাঁকিয়েছেন একটি ছক্কা ও একটি বাউন্ডারি। চার ওভারে ১৮ রান দিয়ে নেন তিন উইকেট নিয়ে সেরা বোলার কালুগামাগে। দুই উইকেট নিলেও চার ওভারে মাত্র ৯ রান দিয়েছেন অফ স্পিনার বেন মানেন্তি।

রান তাড়ায় চার ওভারেই ৫০ ছুঁয়ে ফেলে ইতালি। পাওয়ার প্লেতে আসে ৬৮ রান। মস্কা ভাইয়েরা দলকে ১০০ রান এনে দেন ১০.৫ ওভারে। এর আগেই ফিফটি পেয়েছেন জাস্টিন মস্কা। ৩৭ বলে ফিফটি ছুঁয়েছেন জাস্টিন। অ্যান্টনি ৫০ ছুঁয়েছেন ২৮ বলে।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল : ১৯.৩ ওভারে ১২৩ (আরিফ ২৭, পৌডেলে ২৩, আসিফ ২০; কালুগামাগে ৩/১৮, মানেন্তি ২/৯)।

ইতালি : ১২.৪ ওভারে ১২৪/০ (অ্যান্টনি মস্কা ৬২*, জাস্টিন মস্কা ৬০*)।

ফল : ইতালি ১০ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : কৃষাণ কালুগামাগে।