নতুন বছরের শুরুতেই শুটিংয়ে মিম চৌধুরী
Printed Edition
বিনোদন প্রতিবেদক
ভিন্ন ঘরানার গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে একজন সুঅভিনেত্রী হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। একজন অভিনেত্রী হিসেবে যেমন তিনি সমাদৃত, মডেল হিসেবেও তিনি আলোচিত। আবার উপস্থাপিকা হিসেবেও নন্দিত। গেল বছরে তার অভিনীত বেশ কিছু আলোচিত নাটকও রয়েছে। যেসব নাটকে অভিনয় করে মিম ভীষণ প্রশংসাও কুড়িয়েছেন। বিশেষত মোশাররফ করিমের সাথে তার অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘শিক্ষিত বউ’, ‘স্বামীর সুখ মনে মনে’, ‘কসাইয়ের সুন্দরী বউ’, ‘প্রবাসীর সুন্দরী বউ’, ‘থাপ্পরবাজ’ নাটকগুলো দর্শকের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এসব নাটকে অভিনয় করে ভীষণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। মিম অভিনয়ে এখন আগের চেয়ে অনেক অনেক বেশি ম্যাচিউরড। যে কারণে তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহও অনেক বেশি নাটক নির্মাণের। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ছোট ভাই শামস করিমের নির্দেশনায় এই মুহূর্তে মিম প্রচার চলতি দু’টি ধারাবাহিকে অভিনয় করছেন।
একটি ‘সাত কিলো এক গ্রাম’ চলছে বাংলাভিশনে, অন্যটি ‘রঙ্গিলা পুতুল’ চলছে এনটিভিতে। দু’টি ধারাবাহিকেই মিমের বিপরীতে আছেন মোশাররফ করিম। গেল বছর মিম সর্বশেষ শুটিং করেছেন গত ৩০ ডিসেম্বর বাঁধন রাজের পরিচালনায় ‘প্রবাসীর বউ’ নাটকে। তবে ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি তিনি তার পরিবারের সাথেই কাটান। মিম নতুন বছর শুরু করছেন ২ জানুয়ারি থেকে এ বাবুলের নির্দেশনায় ‘মূর্খ স্বামী’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। নাটকটি রচনা করেছেন পাপ্পু রাজ। এতে তার বিপরীতে অভিনয় করবেন এই সময়ে নাটকের প্রিয় মুখ তন্ময় সোহেল। তন্ময় সোহেলের সাথেও মিম চৌধুরী এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। যে কারণে ‘মূর্খ স্বামী’র পর মিম চৌধুরী একই পরিচালকের আরো একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন আগামী ৭ ও ৮ জানুয়ারি। নতুন বছর ও নতুন বছরের প্রথম কাজসহ অন্যান্য প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘দেখতে দেখতে অভিনয় জীবনের অনেক বছর পেরিয়ে এই সময়ে এসে একজন অভিনেত্রী হিসেবে আমি যে অবস্থানে আছি, তা নিয়ে তৃপ্ত। দর্শকের ভালোবাসায় আমি প্রতিদিনই অনুপ্রাণিত হই।