আজ সিলেট-ঢাকা রুটে চলবে একটি স্পেশাল ট্রেন
Printed Edition
সিলেট ব্যুরো
তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে সিলেট-ঢাকা রুটে ১৯ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় এ রুটে আজ শুক্রবার একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে সিলেট থেকে ছেড়ে যাবে ট্রেনটি। ঢাকা পৌঁছা পর্যন্ত এ বিশেষ ট্রেনটি চারটি স্টেশনে থামবে।
তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে উপবন ট্রেন ঢাকায় যেতে না পারায় সিলেটের যাত্রীদের জন্য শুক্রবার বিশেষ এ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো: নুরুল ইসলাম।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। পথিমধ্যে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দরে থামবে ট্রেনটি।
কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে। আর নির্ধারিত গন্তব্য ঢাকায় ট্রেনটি পৌঁছাবে ২টা ১০ মিনিটে।