১৬ বছর একনায়কতন্ত্র চালু রেখেছিলেন শেখ হাসিনা : সালাহউদ্দিন

Printed Edition

বাসস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করলেও তা বিলুপ্ত করে শেখ হাসিনা প্রায় ১৫-১৬ বছর ধরে দেশে একনায়কতান্ত্রিক শাসন চালু রেখেছিলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলার চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বাবা সবসময়ই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছেন। তারা জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় ও এক ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করেছেন। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছরব্যাপী সামরিক শাসনের অবসান ঘটিয়ে এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা চালু করেন। একই সাথে দেশের বাস্তবতা ও চাহিদা বিবেচনায় এনে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এরই পরিণতিতে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে। পরাজিত হয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেয় বিদেশে। এই শক্তি কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান করেনি। মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা এ দেশের মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই সরকার এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে এবং আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালিয়েছে। আওয়ামী লীগ ছিল আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী সরকার।

তিনি বলেন, শাপলা চত্বরে আলেম সমাজের ওপর গণহত্যা চালানো হয়েছে। রাতের অন্ধকারে নিরীহ মাদরাসা শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, বহু আলেমকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এভাবে তারা দেশের গণমানুষ ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে। এর ফলস্বরূপ জনগণের বিরোধিতার মুখে তারা চিরতরে ক্ষমতা থেকে উৎখাত হয়েছে।

সালাহউদ্দিন বলেন, এখন প্রশ্ন হলো- আমরা কেমন বাংলাদেশ চাই? জনগণ ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়। তারা এমন একটি রাষ্ট্র চায়- যেখানে আইনের শাসন থাকবে, সুবিচার নিশ্চিত হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

পহরচাঁদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, পহরচাঁদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।