খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকা নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা
Printed Edition
খুলনা ব্যুরো
খুলনা মহানগরীতে রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে গত সোমবার আহতাবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আবার তার অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি করা হয়। পরে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্স ঢাকা যেতে পেরেছে। রাজু লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ ইউনুস হাওলাদারের ছেলে।
জানা যায়, গত সোমবার নগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদসংলগ্ন এলাকায় রাজুকে গুলি করা হয়। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। তবে গুলির সঠিক সময় কেউ নিশ্চিত করতে পারেনি। পরে তাকে খুমেক হাসপাতালে আনা হলে বিষয়টি জানাজানি হয়। এরপর পুলিশ তৎপরতা শুরু করে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকায় নেয়ার পথে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। এ সময় অ্যাম্বুলেন্স চালক মো: ফারুক দ্রুত গাড়ি চালিয়ে কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঢাকার উদ্দেশে রওনা হয়। কাটাখালী হাইওয়ে থানার ওসি মো: জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে পার করে দেয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চিকিৎসার জন্য খুমেকে আনা হয়। তার সাথে থাকা এক নারী জানান, আহত ব্যক্তি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় রাজু তাদের বাড়িতে আশ্রয় নিলে হাসপাতালে নিয়ে আসা হয়।